ডি-৮ দেশগুলোর জন্য কমন টেকনলোজি হাব গঠনের দাবি

৫ এপ্রিল, ২০২১ ২০:৪১  
বাংলাদেশের আয়োজনে প্রথমবারের মতো এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর দশম সম্মেলন। সোমবার শুরু হওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রথম দিন বাংলাদেশ ছাড়া জোটের মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের তরুণদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম ইয়্যুথ সামিট। এন্টরপ্রেনয়রশিপ ফর সাস্টেইনেবল ট্রান্সফরমেশন শীর্ষক এই সম্মেলনে আট দেশের জন্য একটি কমন টেকনলোজি হাব গঠনের দাবি উত্থাপিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মিশরের যুবমন্ত্রী আশরাফ সোভি, ইন্দোনেশিয়ার যুবমন্ত্রী জায়নুদ্দি আমাতি, ইরানের যুবমন্ত্রী মাসউদ সোলানিফার, মালোয়েশিয়ার যুবমন্ত্রী রেজাল মেরিক্যান নাইনা মেরিক্যান, নাইজেরিয়ার যুবমন্ত্রী সান্ডে একিন দারে, পাকিস্তানের যুবমন্ত্রী মুহাম্মাদ উসমান দার, তুরস্কের যুবমন্ত্রী মেহমেল কাসপোগলু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য রাখেন। সম্মেলনে প্রযুক্তিতে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ডি-৮ দেশগুলোর যেন একসঙ্গে এগিয়ে যেতে পারে তার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ থেকে অংশ নেয়া সালমান হোসেন। একইসঙ্গে দেশগুলোর তরুণদের মধ্যে নলেজ শেয়ারিংয়ের ওপর জোর দেন বাংলাদেশের শোভা রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বাংলাদেশ থেকে গ্রুপ এ তে প্রেজেন্টেশন দিয়েছে ফাহমিদা ফাইজা এবং মালোয়েশিয়া থেকে সম্মেলনে যোগদেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার।